
মাগো তুই কত রূপে
আবির্ভূতা এই শরতে,
উৎসবের মাতন শুরু,
শারদীয়ার এই প্রভাতে।
শিল্পীর কাছে তুই শিল্প,
হরেক রূপের সৃষ্টি,
জাঁকজমকের পাল্লা দিয়ে,
বাড়ছে পাড়ার কৃষ্টি।
পরিশ্রমে কুমোর তোকে,
কন্যাসম যত্নে গড়ে,
সেই ফরমায়েশি কন্যা বেচে,
কিছু অর্থ আসে তারই ঘরে।
ছোটো বড় মাঝারি সব,
বাণিজ্য হয় তোকেই ঘিরে,
কেউ বেচে যায় রঙিন স্বপ্ন,
কেউ স্বপ্ন কিনে ঘরে ফেরে।
সুখী ঘরের বিলাসিতার,
আনন্দ, উৎসব, শখপূরণে,
দুঃখীর মুখে ফোটায় হাসি,
অন্ন, বস্ত্র, বাসস্থানে।
পুরোহিতের বৃত্তি যে তুই,
তোরই পূজায় তার যাপন,
দিন চার-পাঁচেকের জাদুর মন্ত্রে,
কত অসাধ্য চেষ্টা সাধন।
এতো কিছুর পরেও মাগো,
তোর ঘর দুয়ার অগোছালো,
সন্তান তোর কেঁদে ফেরে,
বিষাদ, করুণ, এলোমেলো।
যা কিছু ন্যায়, মঙ্গল, শুভ,
বিদায় নিয়েছে এইক্ষণে,
পারবি কি মা প্রাণ ফেরাতে?
নিষ্প্রাণ তোর আগমনে?
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
