কবিতা

তীর্থ কাকে বলে?



অলোক মুখার্জী


তীর্থে গিয়ে কি লাভ হবে?
আসল তীর্থ মন!
যাকে ফেলে বৃথাই করি
ঈশ্বর অন্বেষণ!

তীর্থক্ষেত্রে ঈশ্বর নেই
উড়ছে শুধুই টাকা।
অনাচার ছাড়া কিছু নেই সেথা
মূল মন্দির ফাঁকা!

মনের শুদ্ধি, 'আত্মশুদ্ধি'
তৃপ্ত দেহ-মন।
খুঁজলে হেথায় নিবিড়ভাবে
মেলে ঈশ্বর দর্শন!

যে মন শুধু রাত থেকে দিন
স্বার্থে ডুবে থাকে...
আরও পাওয়ার লোভ লালসায়
সদা ঈশ্বর ডাকে!

ক্ষুদ্র স্বার্থের এই মনগুলি
জগৎ জুড়ে আছে।
তীর্থবাসনা এই সব মনে
কখনও আসেনা কাছে!

শুভ ভাবনায় নিবেদিত মন
ঈশ্বর শুধু চায়,
এইরূপ মন আসল তীর্থের
প্রকৃত অভিপ্রায়।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।