
এ কোন নীলাঞ্জনা, জনপথ ছুঁয়ে আছে হাত
হৃদপিণ্ডের গভীরে কতটা উঠেছিল তার ঝড়
নীল আকাশের বুকে এ কোন পুঞ্জীভূত মেঘ, বাতাসে শিহরণ।
সে কি ছুঁয়েছিল কোনো বটবৃক্ষের ছায়া, চেনা কোনো সুর অথবা জনপথের কলরব
যারা তাকে ভালোবেসে মাথা নেড়ে বলেছিল
আমরা আছি নীলাঞ্জনা তোমার জন্য
তোমার ছায়া হয়ে
দুরন্ত সন্ধ্যায়।
তারা আজ কোথায়, কোন কুয়াশায়?
তাঁরা কি সবাই আজ মৃত জ্বলতে জ্বলতে আগুনে পুড়ে ছাই।
সে আজ শুয়ে আছে জনপথ ছুঁয়ে চিরনিদ্রায়?
এ কোন শাশ্বত আলিঙ্গন...
মুখে তার স্বর্গীয় জ্যোতি
যেন এক অনন্ত বিরহের আলপনা
সে কি ফিরে পেলো যা সে দিয়েছিল দুহাত ভরে, অসমাপ্ত গান...
আজ সে একা রক্তঘুমে বাজাচ্ছে একতারা - শেষ থেকে শুরুর অপেক্ষায়
তার আঁচলে আজও লেগে আছে স্নিক্ত জ্যোৎস্নার আলো
সে কি উড়তে পেরেছে সূর্যস্নাত পাখির মতো নীল আকাশের বুকে...
ভালোবাসা - আজও তুমি কেন অপার রহস্যময়...
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
