
(১)
গানটা তখন মনখারাপের মোড়ে,
তরতাজা সব মুখ গোল হয়ে গাইছিল
সেই মিথ্যে, যে সময় আবার বিদ্ধ করতে পারে
আবার শুরু করতে পারে গোড়া থেকে।
তুমি যদি আশি বছর বাঁচতে, যেমনটা চেয়েছিলে, কে জানে হয়তো -
তুমি অতীতের সেই চক্র থেকে বেরিয়ে আসতে
যা তোমার চেয়ে আমাদের আপন ছিল বেশি।
তোমার চুলের আসল রঙ কী, তাও তো নিশ্চয় করে জানা ছিল না
(আলোকচিত্রী অনুযায়ী বদলে যেত), তবু আমরা
তোমাকে আমাদের করে নিয়েছিলাম; "জন" বলে কাছে ডেকে নিয়েছিলাম
আর যেদিন তুমি আমাদের ছেড়ে গেলে (একটা রিলের মতো ঘুরে ঘুরে)
সেই দিনটাকে নাম দিয়েছিলাম শেষ সম্প্রচার,
শুধু তোমার উপস্থিতি প্রমাণ করতে,
সেই দিনটা ছিল এক আশার অবসান।
তবে তা সত্য নয়, এবং তার চেয়েও খারাপ,
তোমার প্রতি অবিচার - যদি বলি
তোমার মৃত্যু ছিল আর অন্য কিছু নয়, সে মৃত্যু শুধু তোমারই।
(২)
আবার তুমি ফিরে এলে শিরোনামেঃ
ব্যান্ড ছাড়ার কয়েক বছর পর, তুমি যোগ দিলে আরেক দলে -
তাদের দলে, যাদের ভগ্ন জীবন,
মৃত্যুর সঙ্গে জুড়ে দেয় সব স্মৃতিকে।
ইতিহাসের স্টুডিও এখন তোমার সঙ্গে খেলা করতে পারে,
যেন চিরকালই একটা মাত্র ট্র্যাকে
সুযোগ এগিয়ে এসেছিল, আর তোমার বেসুরো কণ্ঠ
আমাদের টেনে এনেছিল অন্তিম হিংসার মুখে।
তবু, সময়ের সাথে তাল মিলিয়ে, আমি - এক অভাগা ভক্ত,
তোমার প্রিয় খাবার, রাজতন্ত্র আর যুদ্ধ নিয়ে মতামত
সংগ্রহ করতাম, আর হাসিমুখে কেটে রাখতাম
খবরে ছাপা তোমার রসিকতা আর দৈনন্দিন কাণ্ড-কারখানা।
আমি ভালোবাসা দিয়ে লিপিবদ্ধ করে রাখলাম তোমার শেষ যাত্রা।
সব প্রমাণ সামনে হাজির - কীসের,
আর কোন পরিণতির দিকে তা নিয়ে গেল, বোঝা মুশকিল,
সেই সব ধাঁধা যা তুমি গানের সুরে ও কথায় গেঁথে দিতে।
তোমার কিশোর মুখের ছবি, এক প্রচ্ছদে,
সব কাগজের দোকানে উঁকি দিচ্ছিল যেন
তুমি আবার গুরুত্বপূর্ণ কিছু করে বসেছ তার সাক্ষ্য।

মেরি জো সল্টার (কবি, মার্কিন যুক্তরাষ্ট্র।)

(ভাষান্তরঃ গৌতম চক্রবর্তী)