কবিতা

মেঘের মনখারাপ



শ্রাবণী ভট্টাচার্য


বিষণ্ণতার ঝড় উঠেছে আকাশ আজ মেঘলা,
বুকের কাছে একখানা মেঘ
ভীষণ রকম একলা।
ও মেঘ, তুই কাঁদিস কেন?
মন হারানো দীঘল চোখে
কিসের যেন স্বপ্ন,
ঠোঁটের কোণে টুকরো ব্যথা
কেমন যেন মগ্ন।
আজও কি তুই ঝরবি অমন বৃষ্টি হয়ে,
পথের ধারে দীর্ঘ সেই নাগকেশরের গা ভিজিয়ে?
তোর কান্না ভেজা শিউলিগুলো আদুল গায়ে,
লেপটে থাকে নরম মাটির গা বাঁচিয়ে।
ও মেঘ, তুই উড়ে যাবি অনেকদূরের অচিনপুরে,
সেখানে কি করবি খেলা
হাওয়ার সাথে ঝগড়া করে?
আবার যদি হঠাৎ করে কাছে আসিস
জাপটে বেঁধে রাখবো ধরে আবার যদি ভালোবাসিস।