‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
অক্ষরের শবদেহ ভেসে যায় জলে,
অকাল প্লাবন খোঁজে অপরাধী যত;
শব্দে শব্দে উচ্চারিত শাসনের ক্ষত
বিজ্ঞাপনে ঢেকে দেয় মূর্খ আর খলে।
নিজের বিপদ ডেকে আনে যে প্রণামী
আজ বিদ্বজ্জন সব সে পূজায় মাতে;
শিক্ষকের পেটে লাথি, ভিক্ষাপাত্র হাতে
ধরায় যে মূর্খ রাজা, সে তার ঘরামি!
জলের তলায় ডোবে শব্দ, বাক্য, যতি;
ভিক্ষার উল্লাসে আজ সন্ত্রস্ত অক্ষর;
কথা আর কাহিনির সব অবসর
মহানগরীর পথে মেপে নেয় ক্ষতি।
অক্ষরের শবদেহ চিতার আগুন
খুঁজে নিতে জলে ভাসে; শোক নিদারুণ।
