কবিতা

লাল শার্ট



রঞ্জনা রায়


ধুলোমাখা কিছুটা ছেঁড়া একটা রক্তমাখা লাল শার্ট
জুঁই ঢাকা বিছানায় রাখা আছে,
এটা কিনেছিলাম প্যান্টালুনসের সেলে।
ব্যঙ্গ হাসিতে তোমার চওড়া চোয়াল
গিয়েছিল কুঁচকে মজারু আমেজে,
এক উত্তপ্ত দুপুরে তোমার উন্মুক্ত বুকের ওপর
রেখেছিলে সেই লাল শার্ট।
বলেছিলে "প্লিজ একটু হেল্প করো
বোতামগুলো খোলো চটপট" -
তোমার উত্তপ্ত শরীর ঘিরে সেই লাল লাজুকতা
আমি দেখেছিলাম দু'চোখ ভরে।
লতা দোল খায় ছায়াময় গাছের আদরে।

সাতদিন আগে জঙ্গি হানায় ছিন্নভিন্ন মুম্বাই মেল
মানুষের রক্ত তৃষ্ণায় প্রতিনিয়ত মানুষই উদ্বেল।

আজ সকালে এসেছে -
তোমার কফিন ঢাকা নিথর বরফ দেহ।
পার্সেলে এলো একটা লাল শার্ট 
হয়তো সেটাই - নিরর্থক সন্দেহ।
আজ শরৎ পূর্ণিমায় আকাশে চাঁদ বড় উজ্জ্বল
আমার কোল জুড়ে সেই লাল শার্ট
এক নিরক্ত নিষিদ্ধ ফল।