কবিতা

স্বপ্নবীজ



তুষার ভট্টাচাৰ্য


যে কারণে শ্রাবণ অশ্রু মেঘ উড়ে আসে দখিন জানালায়
রাত পাখি নিঝুম অন্ধকারে শুধু
বিরহের গান শোনায়;
যে কারণে অন্ধ খঞ্জনী বাদক বেলাশেষে
বৈষ্ণবী কোথায় গেলি বলে
চিৎকার করে
খোঁজে রাস্তায় রাস্তায়;
যে কারণে ফুটপাতে পথশিশু ভাতের অপেক্ষায় প্রহর গোনে
ক্ষুধার্ত তার চিল চিৎকার কান্না কে আর শোনে?
যে কারণে পলিমাটির শিয়রে কেউ না কেউ নীরবে স্বপ্নবীজ বোনে
পুবালি রৌদ্রের মুখ দেখে শিশুরা জেগে ওঠে ভোরের কোলাহলে গানে গানে;
যে কারণে জনপদ ডুবে যায় ফুঁসে ওঠা
নদীর ভাঙ্গনে
তারপরও তুলসী মঞ্চে আশার প্রদীপ
টিম টিম জ্বলে
ব্যর্থতা নিরাশার ইতিকথা ভুলে জীবন খুঁজে নেয় মায়ামৃদঙ্গ বেঁচে থাকার মানে।