বিবিধ

কলকাতা ফুটবলের কোনো আর্কাইভ নেই



দেবাশিস সেনগুপ্ত


প্রদীপ কুমার বন্দোপাধ্যায়ের গোলার মতো শট বারের ঠিক নীচে এবং বার ও ডানদিকের পোস্টের কোণা দিয়ে গোলে ঢুকে যাওয়ার মুহূর্তে তরুণ বসু কি পারতেন হাওয়ায় ভেসে গিয়ে বল ফিস্ট করে গোল বাঁচিয়ে দিতে, বারবার? যদি প্রদীপ কুমার বন্দোপাধ্যায় এক দশক পরে মাঠে থাকতেন বা তরুণ বসু এক দশক আগে?

অথবা মঙ্গল পুরকায়স্থর তীব্র পাঞ্চ একের পর এক কি গ্রিপ করে বাঁচিয়েই দিতেন একরোখা ভাস্কর গাঙ্গুলী, বল গোলে ঢোকার ঠিক আগের সন্ধিক্ষণে? যদি ভাস্কর গাঙ্গুলী এক দশক আগে মাঠে থাকতেন বা মঙ্গল পুরকায়স্থ এক দশক পরে?

টি. এ. রহমান কি লাগাতার আটকে দিতে পারতেন কৃশানু দে-র জাদুকরী ড্রিবলিং অথবা বিজয়ন কি বার বার কাটিয়ে বেরিয়ে যেতে পারতেন সুব্রত ভট্টাচার্যকে? কিংবা বলরামকে কি আটকেই দিতেন তরুণ দে অথবা আমেদ খানকে মইদুল ইসলাম আর অসীম মৌলিককে অলোক মুখার্জী? যদি তারা দুটি দশক আগে বা পরে করে নিতেন তাদের ময়দানী অবস্থান?

চুণী গোস্বামীর পায়ের ম্যাজিক কি সামলে দিতেন শ্যামল ঘোষ কিংবা চিমা ওকোরির হেভিওয়েট ফুটবলকে কি মেপে ফেলতেন প্রদীপ চৌধুরী? নিজেদের খেলার মেয়াদ এক দশক আগে পরে করে নিয়ে?

সুরজিত সেনগুপ্তর ছন্দোবদ্ধ দেহের দোলার জাদু কি পুনঃপুনঃ বশীভূত করে ফেলত অরুণ ঘোষকে অথবা মনোরঞ্জন ভট্টাচার্য কি বার বার থামিয়ে দিতেন বাইচুং ভুটিয়ার সম্মোহনী আক্রমণ? এক দশকের এদিকে ওদিকে যদি তারা পাল্টে নিতেন নিজেদের ময়দানী সাম্রাজ্য?


কলকাতার ফুটবল মাঠে ব্রিটিশদের সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের বল দখলের লড়াই।

জোস রামিরেজ ব্যারেটো বনাম মজিদ বাসকারের উপভোগ্য লড়াইয়ে কে জিততেন মাঝমাঠের জমি অথবা গৌতম সরকার কি মারিয়াপ্পা কেম্পিয়ার সঙ্গে তুল্যমূল্য লড়াইকে তুলে নিয়ে যেতে পারতেন জেতা হারার উপরে এক অবিশ্বাস্য স্তরে? প্রসূন ব্যানার্জীকে যদি লড়তে হতো বাসুদেব মন্ডলের বিরুদ্ধে, তবেই বা কি হতো? তারা সবাই কালচক্রে মাত্র দু'টো দশক এগিয়ে বা পিছিয়ে গেলেই?

কে জিততেন সমরেশ চৌধুরী বনাম সুদীপ চট্টোপাধ্যায় মুখোমুখি লড়াইয়ে অথবা কি ফল হতো কাজল মুখার্জী আর প্রশান্ত ব্যানার্জী মুখোমুখি হলে? তারা যদি মাত্র একটা দশক এগিয়ে বা পিছিয়ে যেতেন?


মোহনবাগান ক্লাবে খেলা সংক্রান্ত বইয়ের লাইব্রেরি।


মোহনবাগান ক্লাবে খেলা সংক্রান্ত বইয়ের লাইব্রেরি।

কোনো এক বিশ্বস্ত টাইম মেশিন হয়ত পারবে এসব প্রশ্নের উত্তর খুঁজে বার করতে, যদি কোনোদিন এরকম কোনো টাইম মেশিন আবিষ্কার হয়! ততদিন না হয় স্বপ্নেই দেখতে থাকি টক্করগুলো নিজের নিজের মানসচক্ষে।

সদ্যআবিষ্কূত AI এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। কারণ, তাতে রাখার মতো কলকাতা ফুটবলের কোনো 'আর্কাইভ' আমরা ধরে রাখতে পারিনি!

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।