কবিতা

ঋত্বিক



শুভঙ্কর দাস


যেভাবে তাকিয়ে আছেন, আকাশ চিরে নেমে আসে
সৃষ্টির প্রথম রহস্য।

গাছের বুকে কান পেতে রেখেছো?
নদীর জলে কি মুখ ধুয়ে দেখেছো?
পাহাড়ের উচ্চতায় কোনোদিন একটু বসে থেকেছো?

সামান্য তো জীবন, তার চেয়েও তুচ্ছতম এ বিবর।
সেখান থেকে উচ্চস্বরে কাকে ডাকছ?
কে শুনতে পাবে মহাকালের কণ্ঠ?

তাই তো চেয়ে থাকি সমবেত সংগীতের মতো সংসার,
তুমি এসে বুঝিয়ে দেবে, ভাবতে হয়, ভাবতে হয়,
ভাবতে ভাবতে নিজেই হয়ে যাবে সৃষ্টির প্রথম বীজ...