বিজ্ঞান আমাকে শিখিয়েছে আত্মহত্যা করতে
আধ্যাত্মিক কথা আমাকে শিখিয়েছে বাঁচতে।
মানুষ তুমি বলো এখন কি করবো আমি?
বিজ্ঞান আর আধ্যাত্মিকতার তত্ত্বে
দূরে সরে যায় সন্তান... হে ঈশ্বর! হে বিজ্ঞান! হে মহাজীবন!
বলো বলো এই দায় কার? পিতা না মাতার?
কিছুই জানিনা আমি, শুধু জানি -
শুক্র কিট হতে বেরিয়েছে যে লাভা
এক পৃথিবী থেকে অন্য পৃথিবীতে...
তাকে প্রজাপতি হয়ে উড়ে যেতে দাও ঐ দিগন্তে নিজস্ব গন্তব্যে
আমি মাটির বুকে অবশিষ্ট পোড়া ছাই হয়ে দেখে যেতে চাই
অস্তিত্বের লড়াইয়ে কেমন করে টিকে আছে আগামীদিনের জমি!
অথচ আজ কর্মহীনতার অন্তিম পরিণতিতে
বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে যে কথা সন্তানের মুখে শুনেছি আমি
সেই ব্যর্থতার দায় কাঁধে তুলে নিয়ে
আজ তোমাকে দিলাম ছুটি, হে মহীয়সী নারী অর্ধাঙ্গিনী - অষ্টমী...
কালের ঘূর্ণিপাকে -
খড়কুটোর মত উড়ে যেতে চায়
জীবনের বেলাভূমি...
বিদায় বন্ধু বিদায়... ভালো থেকো তুমি!
এই দুঃসময়ে আমার অভাব সন্তানকে বুঝতে দিওনা পুত্রের জননী
এক মুঠো ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকে নতুন দিনের আগামী।
