কবিতা

ছেড়ে যেতে চায় না



সন্তোষ কুমার সরকার


ছেড়ে যেতে চায় না সে
সাজানো বাগান 
যেতে চায় না কেউই
না রাম, না শ্যাম...
বাড়ির বিড়াল‌ও ছেড়ে যেতে চায়না
মধুও না, যদুও না - না ঘনশ্যাম।
সে একটি তন্বী, ছিপছিপে নদীকে ভালোবেসে
তার উর্বর চরে গাছ পুঁতেছিল
কিছু যত্ন, কিছুটা আবেগ, একটু হলেও প্রেম;
এই ছিল শতাংশের হার!
আর ছিল কসরত; কিছুটা পরিশ্রম।
তাই সে ছেড়ে যেতে চায় না
ছেড়ে যাওয়ার কথা উঠলেই...
কত যে বাহানা!
বাগান, গাছ, নদী, আরো কত কী!
দিনের শেষে কত ঝামেলা ঘরে ফেরে খালি হাতে।
আসে অন্য একটি; তারপর
কখনো কালো মেঘ ছায় আকাশ
কখনো আসে বৃষ্টি,
ঢাকে চাঁদ!
তারা সবাই আসে ক্রমাগত জীবন কেন্দ্রিক -
আবার কখনো আসে সুখ
কখনো আহ্লাদ।
তা আসুক!
সে নদী মজে গেছে আজ ঠিকই
তবে গাছগুলো বড় হয়েছে; তারপর
ধরেছে ফল‌ও
সেগুলো কিছু তেতো, কিছু মিষ্টি!
এখন তার দেখার ইচ্ছে গাছের বংশধর।
তাই ছেড়ে যেতে চায় না সে
তার সাজানো বাগান!