‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
এই যে নামছে বৃষ্টি তাকে আমি কতদিন
দেখেও দেখিনি। পথের পাশেই দেখি
পড়ে আছে বালিশ ভেজানো মুখ।
খুব ভোরে উঠে কে কে দেখেছিলে
রক্তজবা ছড়িয়ে ছিটিয়ে,
"আমিও দেখিনি" বলে ঘুরপথে যে মেয়েটি
বিছানায় আলগোছে শুলো
সেও জানে তার ভাই কিভাবে আকাশে,
সেও জানে হলুদ শাপলা থেকে কতটুকু
আলো ঝরে পড়ে, অবিন্যস্ত কথাগুলো
কেন ডুবজলে এখনো দাঁড়িয়ে।
পায়ের ফাঁকের মাঝে জেগে থাকা
চেনা সর্বনাশ,
একে তুমি বৃষ্টি বলে চিনেছো নবীন?
পাতার ভেতর দিয়ে রোদ এসে
সহসা ছুঁয়েছে বুক,
বুক না গাছের মায়া কে জানে?
তুমি এসে একদিন ভিজিয়ে দিয়েছো পথ,
অস্পষ্ট করেছ দুপুর, তবু মায়া যেন
লেগে আছে চতুর্দিকে
এই ভেবে বিছানায় ডাকা।
রাত্রি এখনো তত পরিষ্কার নয়,
দাঁড়ানো রয়েছে রাত্রি ঠিক সহোদর।
