কবিতা

মহিমাময়ী শশীবালা



অলোক মুখার্জী


এত সুন্দর শশীবালা তুমি!
রূপে লাবণ্যময়।
শান্ত, স্নিগ্ধ, ফাল্গুনী সাজে
লাগে বড় মধুময়!

'রূপের রাণী' যদি বলি তোমা
সঠিক সে নিরূপণ,
কি অপূর্ব সাজে সাজাও আকাশ
মুগ্ধ হয় যে মন!

শশীবালা, তুমি উদার বড়!
মহৎ তোমার মন,
ঘৃণা করো তুমি নিঠুর আঁধারের
আগ্রাসী আচরণ।

নিশি আগমনে আঁধার এসে
মনের দখল নেয়।
রাণীর পাদস্পর্শ সেথায় পড়ে
আলোয় ভরিয়ে দেয়!

শশীবালাও ফুলের মতো
গুণের শিখরে বসে...
হতাশ মনকে সরস করে
ভরিয়ে আনন্দরসে!

আঁধার যতই রুক্ষ হোক
ক্ষণকাল বেঁচে থাকে,
মৃদু হাসি হেসে শশীবালা এসে
গুণের সাক্ষী রাখে!

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।