কবিতা

বাতায়ন



শুভঙ্কর দাস


ঈশ্বর মানেই জানালা।
সর্বদা খোলা থাকে, তার পর্দা বাতাসে ওড়ে।
যে পর্দায় হলুদ-মশলার দাগ জীবনের মানচিত্র হয়ে ফুটে থাকে,
কয়েকটি রিপু করা সুতোর ফেঁসু ঝুলে আছে,
যেভাবে জ্যোৎস্না ঝুলে থাকে চাঁদে...

রাত্রির ভালো করে ঘুম হয় না!
দিনের কপালে এতো নুন, তার ভাত আলুনি লাগে না!

শুধু দিনরাত্রির মাঝখানে
সেই জানালার ধারে বসে কেউ নগ্ননীরবে কাঁদে!

জানালা জানে সবই, কিন্তু কোনোদিন দরজার কাছে আসতে পারে না।