কবিতা

খবর



বিপ্লব ভট্টাচার্য


আসবে বলে খবর হল ঢাকলো মেঘ চতুর্দিক,
বৃষ্টি মেঘ কৃষ্ণকলি ডাকছে শুনি সাংঘাতিক;
বৃষ্টি এলো ভিজিয়ে দিল বৃষ্টি বড়ো রোমান্টিক,
বৃষ্টি দেখে কেমন ভিজি, বৃষ্টি মাখি আন্তরিক।
বৃষ্টি, এতো আষাঢ় মাস, বৃষ্টি ভেজা প্রাত্যহিক,
বৃষ্টি জলে সঙ্গী ছাতা বৃষ্টি বলে প্রাসঙ্গিক।
বৃষ্টি জল গাছের ডালে শব্দে গানে দুলছে ঠিক,
বৃষ্টি মানে গলবে মাটি বৃষ্টি যদি অত্যধিক,
বৃষ্টি ডোবা জলের নীচে রাস্তা খোঁজা আবশ্যিক।
বৃষ্টি সুখে রথের মেলা, পাঁপড় কলা বেচতে দিক,
বৃষ্টি ভিজে রথের রশি টানবো আমি অধার্মিক।