কবিতা

আলো খুশিতে ভালোবাসিতে



প্রদীপ কুমার চক্রবর্তী


ওই হাসিতে ভালোবাসিতে
আলো খুশিতে হৃদয়েতে ঢেউ
কতো চনমনে খুশি উন্মনে
সুখ সিঞ্চনে নাচায় তো কেউ।

মুখে ফোটে খই তাকায়ে তো রই
গেল কোথা সই হারায়ে খুঁজি
ফোটা গোলাপে মধু আলাপে
কভু বিলাপে থাকি চোখ বুজি।

আধো আধো বোল আঁখি মৃদু খোল
ছোঁয়া মায়া কোল আদুরি সবুজ,
ছেলেখেলাতে মরা বেলাতে
সুর দোলাতে মন তো অবুঝ।

হাসি মিটিমিটি চাঁদ দেখি দুটি
কথা কাটাকাটি হয় না মোটেই,
নদী কূলে ঢেউ দেখে কেউ কেউ
পিছনেতে ফেউ খুশি যা জোটেই।

এ ফাগুনের মাস শুধু মধুমাস
মনে কতো আশ স্বপ্ন দালান,
দোলা ছন্দে মহানন্দে
তাঁকে বন্দে প্রাণ অফুরান।