চোখের সামনে আমি মৃত্যু দেখেছি
ধূসর, নির্লিপ্ত এক মৃত্যু।
শুনেছি, শীতের ঝরা পাতার আর্তনাদ
নির্ঘুম রাতে টের পেয়েছি উত্তাল কালবৈশাখীর তাণ্ডব।
রংচটা ঘরে অপেক্ষা করেছি দিনের পর দিন
ভুলতে পারিনি মায়ের আর্তনাদ
সস্তা শাড়ির আঁচলের খুঁট।
ভাইবোনের বুকফাটা ক্ষুধার ক্রন্দন।
অবুঝ মন মুক্ত আকাশে খুঁজেছে ধ্রুবতারা
অপেক্ষায় থেকেছে একটা সুস্থ জীবনের।
সময়ের স্রোতে ভাবনাগুলোও হয়ে গেছে এলোমেলো,
স্বপ্নগুলো পাথর চাপা পড়েছে অজান্তেই।
অন্ধকারে তারা গুনতে গুনতে ক্লান্ত চোখ
আজ শুধু অপেক্ষায় প্রহর গোনে।
সকালের আকাশ আমিও তো দেখতে চাই।
বিবর্ণ শব্দগুলোকে হত্যা করে আমিও তো চাই
একটা নতুন উপন্যাস রচনা করতে।
তবে কেন পারিনা প্রজ্জ্বলিত আগুনের মতো
আবার জ্বলে উঠতে?
আমি মুক্ত পাখির মতো উড়তে চাই।
আমি সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল হতে চাই।
সকল বাধা বিপত্তি, পরাজয়, একাকীত্ব জয় করে
আমি স্বপ্ন আঁকড়ে ধরতে চাই...
আমি যে আবার বাঁচতে চাই।
