কবিতা

সুখের খবর



বিকাশকলি পোল‍্যে


শরৎ এল সবুজ ধরায়
আনল খুশির ঢেউ
ধরার বুকে এখন তো নেই
মন খারাপের কেউ।

বুকের উপর শাপলা ধরে
ভরাট দিঘির জল
করছে এমন হচ্ছে মনে
নাচছে ছলাৎ ছল।

কাশের বনে কাশ ফুটেছে
আকাশ নীলে তারা
শিশির মেখে শিউলি যেন
খুশিতে মাতোয়ারা।

মায়ের আসার সময় হল
এই খবরের সুখে
হাসি খুশি ফিরল শেষে
বানভাসিদের মুখে।