কবিতা

অনুগত আলো



সৌমিত বসু


অনুগত হতে আরো ঘণ্টা কয়েক।
সবেমাত্র ভেসে আসছে মেঘ।
এই মেঘে ধান চাষ হয়?
এই মেঘ সত্যিই কি ভেঙে পড়ে কারো কারো ছাদের উপর।
কিছুই জানিনা তাই প্রশ্নচিহ্ন লোপাট করেছি,
এখন সমস্ত খাতা জুড়ে শুধুই উত্তর।
সমস্ত জীবন থেকে চিরিত চিরিত করে নিংড়ে নেওয়া খেলা।
অনুগত হবে বলে এসেছো বালিকা।
মার্কশিট পুরে রাখো ব্যাগের ভেতর।
স্মার্ট হও গাই।
মায়ের পেটের নই তবুও তো দাদা।
খুল্লামখুল্লা চোখ রাখো চোখের ওপর।
ওইতো আলাদিন, ক্যান্টিনের ফাঁকে দেখো
আলগোছে দাঁড়িয়ে রয়েছে,
মনে করো, ওটাই স্যাক্সোফোন।
বাজাও, বাজাও জম্পেস করে।
নতুন মার্কশিট আমরাই সাপ্লাই দেব।
যেমন সার্ভিস।

নির্দ্বিধায় হয়ে পড়ো অনুগত।
মনে রেখো তুমি কারো মেয়ে নও, দিদি নও।
শুধুমাত্র দাদাদের বোন।
কাঁকর বিছিয়ে দেওয়া বোন।