কবিতা

তনুতত্ত্ব দেহ মম



তাপস দেবনাথ


অন্তর বন্ধন সুপ্ত অঙ্গনে
চেতনার গভীরতা শূন্যতা বিহনে।

জ্ঞানদীপ প্রজ্জ্বলিত প্রকৃতির বিকাশ
হাসিয়ে-কাঁদিয়ে আসে জনমের প্রকাশ।

চিরসত্য চিহ্নিত রণাঙ্গন ভূমিময়
মিলায়ে সঙ্গম সূত্র লাবণ্য সৃষ্টিময়।

বিভ্রান্ত তনু মনে পরমাত্মা সন্ধানে
অযাচিত আবরণ মেঘময়-তমময়।

মুক্ত বিহঙ্গে আলোড়ন দেহ মম
উদ্ভাসিত - উন্মেষিত আলোময় দিবাকর।

কোটি সূর্য সমপ্রভা ক্ষুদ্র তরঙ্গ তনু
আত্মা ক্ষুদ্র অংশ, পরমাত্মায় পরমাণু।

প্রকাশিত দীপময় ঊর্ধ্বে উন্মীলিত
বিস্ফারিত - বিস্তারিত সমগ্র ভুবনময়।

পঞ্চভূত একাসনে অদ্ভুত তনু এই
বিশ্ব মিলায়ে আছে অবয়বে বিস্ময়।

সত্যের সন্ধানে কোটি যুগ প্রবাহিত
আত্মতৃপ্তিতে নানা পথ জাগরিত।

প্রাণবায়ুর স্থিরতায় দেহ-মন চেতনময়
শেষ ত্যাগে নিঃশ্বাসে প্রাণহীন জড়ময়।