কবিতা

বিস্মৃত পরিচালক দিলীপ বন্দোপাধ্যায়



বিমল দেব



দিলীপ বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'তিন পরী ছয় প্রেমিক' (১৯৭৭) ছবির পোস্টার।

আমার এই বুড়ো বয়সে স্মৃতি ছাড়া আর কিছুই নেই
এক আশ্চর্য মানুষকে মনে পড়ে
তিনি পরিচালক দিলীপ বন্দোপাধ্যায়
কতকাল আগে দিলীপদার সঙ্গে দেখা
তিরিশ বছর হবে
এই কলকাতায় ঘুরেছি
কতো চায়ের দোকানে আড্ডা দিয়েছি
সিনেমা নিয়ে কথা বলেছি
আইজেনস্টাইন বুনুয়েল
গদার ঋত্বিক ঘটক সত্যজিৎ রায়
দিলীপদা ছিলেন দেবব্রত বিশ্বাসের গানের ভক্ত
বব ডিলানের অনুরাগী।

আসল কথাটাই বলা হলো না
দিলীপ বন্দোপাধ্যায় ছিলেন
চলচ্চিত্র পরিচালক
'তিন পরী ছয় প্রেমিক'
তাঁর পরিচালিত সিনেমা
তথ্যচিত্রও নির্মাণ করেছেন।

তবু সফল হতে পারেননি
আসলে দিলীপদা সফল হতে চাননি
তাঁর ছিল ভ্রাম্যমাণ মানসিকতা মুক্ত মানুষ
অবিবাহিত ছিলেন।

ছোটো ভাইয়ের সংসারের সদস্য ছিলেন আনন্দেই
তিনি উচ্চশিক্ষিত ছিলেন
অধ্যাপক হতেই পারতেন
কিন্তু চলচ্চিত্র সাহিত্য ভালোবেসে উদাসী বাউলের মতো জীবনযাপন করেছেন
সুন্দর অভিজাত চেহারার সেই দিলীপ বন্দোপাধ্যায় চলে গেছেন এই পৃথিবী ছেড়ে
আর কোনোদিনও দেখা হবে না
হয়তো আবার দেখা হবে
হবে তো বটেই
আমার যে অনেক কথা জমা আছে!