
অন্তর মম আলোর খোঁজে পথ খোঁজে দিশাহীন
পথের পথিক ক্লান্ত হয়েছে বোঝাই হয়েছে ঋণ।
দেনা শোধ হবে - কি না কবে, নেই সে কথা জানা
ঘনায়মান অন্ধকারে সময় দিয়েছে হানা।
কবে কোনখানে গভীর গহনে চেতনা ঘুমিয়ে ছিল
পদ্ম ফুটিবে অন্তরে মম, সে পথ কোথায় গেল?
এ-পথ সে-পথ, চোরাগলি পথ; সকলি দেখি বন্ধ
হৃদয় মাঝেতে তীব্র দহনে, আত্মপীড়নে অন্ধ।
এ-মায়া খেলায় বয়ে যায় বেলা, সময় যে বড় ক্ষীণ
ত্রিতাপ জ্বালা পোহাতে হবেই, সে তো হয় না হীন।
চির চঞ্চল চিত্ত যেথায় ভূ-ধর দেখেনি শান্ত
শূন্যতা দেখেনি নির্মল সম, পূর্ণতা দেয় অন্ত।
রং ঝলমল ভারি রূপ ঢং, সাজানো সব ফন্দি
সব দেখে শুনে নিজের ঘরেই, নিজেকে করেছি বন্দি।
হেথা নেই আলো তবু দেখা গেল পদ্ম ফুটিছে গোপনে
পাঁকের মাঝে কোন পূর্ণতা, বীজ দিয়ে গেছে রোপণে।
এ-বুকের মাঝেই চিরতীর্থ, যা ইচ্ছে হয় বলো
যত তীর্থই খুঁজে যাও যত, অন্তরেই আছে আলো।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
