‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
বৈশাখী ঝড়ে ঘরের উঠোনে শুকনো পাতার ডাঁই,
অতিবৃষ্টিতে সব জনপদ ভরা জোয়ারের নদী।
শরতে দেখিনি ইন্দ্রধনুর সাতরঙ কারুকাজ,
ঘাসের শিয়রে শিশিরের ফোঁটা হয়নিতো হীরেকনা।
ফাগুনের বনে ফুলের আগুন ছড়ায়নি উত্তাপ
কুসুমের সাথে মৌমাছিদের কামার্ত প্রেমালাপ
শুনতে পায়নি দক্ষিনালোভী বসন্তদূত হাওয়া।
আমি বসে আছি লেখার টেবিলে ঝর্ণাকলম হাতে
সবুজ কালির ফাগের ফোয়ারা গলায় আটকে আছে।
পান্ডুলিপির খাতার দরজা খোলেনি দখিনা হাওয়া,
কলজে মগজ হাতড়ে বেড়ায় বিবিধ বর্ণমালা,
কোত্থাও নেই রঙের বাহার মরশুমি সৌরভ।
এখন আমার কপালের ঘাম দু'চোখে নদীর ঢেউ
হৃদয়ের কথা ঢাকা পড়ে যায় তরঙ্গ কল্লোলে।
কোন অভিধানে খুঁজবো এখন প্রণয়ের পরিভাষা!
