
'Zee5 অরিজিনাল'-এ দেখা যাচ্ছে বাবিল খান (ইরফান খানের সুযোগ্য পুত্র) অভিনীত 'Logout' সিনেমাটি।
প্রত্যুষ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যে নিজেকে নিয়ে এতটাই আত্মমগ্ন যে ফলোয়ারের সংখ্যা বাড়ানোর জন্য অনৈতিক কাজ করতেও একমুহুর্ত ভাবে না। একদিন হঠাৎই তার ফোন খোয়া যায় এবং সে আবিষ্কার করে তারই এক সাইকো ফলোয়ারের হাতে ফোনটি রয়েছে।
টানটান উত্তেজনা, সোশ্যাল মেসেজ, আসাধারণ কন্টেন্ট সব মিলিয়ে বর্তমান প্রজন্মের এক বাস্তব উপস্থাপনা।
স্ক্রীন থেকে এক মুহূর্তের জন্য চোখ সরানো গেল না। ভার্চুয়াল জগতে হারিয়ে গেছে গোটা সমাজ, আধুনিক প্রযুক্তি আপাতদৃষ্টিতে আমাদের জীবনকে সুখী করে তুললেও তার ভাইরাস পারিবারিক এবং সামাজিক জীবনকে কিভাবে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে, এই সিনেমাটি তারই প্রতিচ্ছবি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর সদর্থক এবং ক্ষতিকারক প্রভাব ইতিমধ্যেই মানুষের গোচরে এসে গেছে, তবে এ কাহিনী ঠিক তার আগের মুহূর্তের। এই গল্পে বলা হলো ডিজিটালাইজেশন অজস্র মানুষের সহজ স্বাভাবিক জীবনকে তছনছ করে সংযমহীন অভ্যাসের নেশায় আসক্ত করে তুলছে।

ছবির সেট মূলত একটি ঘরের মধ্যে স্টুডিয়ো, ছোটো ছোটো শট, বুদ্ধিদীপ্ত আলোর ব্যবহার, সেখানে বাবিলের স্বতঃস্ফূর্ত নির্মেদ স্মার্ট অভিনয় কাহিনীকে এগিয়ে নিয়ে গেছে।
বিশ্বপতি সরকারের গল্পে, অমিত গোলানির পরিচালনায় 'Logout' অনবদ্য এক ভিন্নমাত্রার নতুন স্বাদের সাইকো থ্রিলার।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
