
তোমার সাথে আমার খেলা
চলে আপন মনে,
ভুবন জুড়ে আলোর নাচন
হৃদয় তোমার সনে।
জগৎ মাঝে এসেছিলে
প্রেমের বাণী নিয়ে,
তোমায় বরণ করলো ধরা
কাঁটার মুকুট দিয়ে।
এই অপরাধ বইছি কেবল
শূন্য হৃদয় পরে,
ক্রুশ বেঁধানো শরীর থেকে
কেবল রক্ত ঝরে।
প্রভু যীশু মুক্তি দিতে
জীবন দিলে তুমি,
তোমার অভাব বুঝতে পারে
শূন্য জন্মভূমি।
কাঁটার মুকুট মাথায় তোমার
ক্রুশবিদ্ধ হাতে,
পেরেকঠোকা বিদ্ধ চরণ
ঘুম আসেনা রাতে।
রাতের আঁধার ডাক দিয়ে যায়
জাগো মানুষ যত,
অশ্রু মোছাও প্রভুর চোখে
দূর করো তাঁর ক্ষত।
কৃষ্ণ খ্রিস্ট আর মহম্মদ
বৌদ্ধ নানক কবীর,
প্রেমের বাণী অন্তরেতে
জৈন মহাবীর।
আমরা কেন পৃথক থাকি
ধর্ম বিরোধ করি,
আল্লা খোদা গড ভগবান
পৃথকভাবে গড়ি?
কাঁটার মুকুট পরে আছেন
রক্ত ঝরে মুখে,
কষ্টে তাঁরই জীবনরেখা
আঘাত করে দুখে।
ঈশ্বরেরে নিজের করে
পেলাম নাকো মোটে,
তাই তো মোদের জীবন জুড়ে
দাঙ্গা বিবাদ জোটে।
মনের আগল ঘুচিয়ে এসো
পরকে আপন করি,
কাঁটার মুকুট সরিয়ে দিয়ে
এই পৃথিবী গড়ি।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
