বিবিধ

পেন ও পেন্সিলের কাব্য (অণুনাটক)



দ্বিজরাজ সান্যাল


পেন্সিল।। এই যে ভায়া পেন, কেমন আছো?

পেন।। ভালোই আছি। তুমি কেমন আছো পেন্সিল ভাই?

পেন্সিল।। এই চলে যাচ্ছে। (হঠাৎ লক্ষ্য করে) এ হে... তুমি কি কান্ডটা ঘটিয়েছ, তাকিয়ে দ্যাখো।

পেন।। কই? কি? কোথায়?

পেন্সিল।। বুক-পকেটটা দ্যাখো। কালি ফেলে সুন্দর জামাটার কী অবস্থা করেছ।

পেন।। খেয়েছে, আমার ঢাকনাটা কোথায় হারালো? (খুঁজছে আশেপাশে।)

পেন্সিল।। হে হে... এই তোমার এক মস্ত অসুবিধে। ঢাকনা হারালেই কালি চুঁইবে।

পেন।। কোনো অসুবিধে নেই। এটা একটা অ্যাক্সিডেন্ট। আমার মনিব যত্ন করেই সবসময় আমার নিব ঢাকনা দিয়ে আগলে রাখে। তোমার শিসের মতো অমন খোলা হাট করে রাখে না।

পেন্সিল।। মোটেই না। আমার মালকিনও খুব যত্নে একটা রঙিন বাক্সে রাখে আমায়। সেটা খুললে কী সুন্দর সুরেলা আওয়াজ হয়... টিং টং টুং টাং...

পেন।। তাই নাকি! তোমার মালকিন কি করে?

পেন্সিল।। আমার মিষ্টি মালকিন নার্সারিতে পড়ে। আমাকে আদর করে টুসি বলে ডাকে, যেমন মানুষদের ডাকে। তোমার মালকিন?

পেন।। (গর্ব করে) আমার মালকিন নয় মালিক। খুব নামকরা ডাক্তার।

পেন্সিল।। নামী ডাক্তার? তাহলে তার হাতের লেখাও নির্ঘাৎ বিখ্যাত রকমের বাজে?

পেন।। উঁহু... একদমই না। মুক্তোর মতো হাতের লেখা, পড়তে কোনো অসুবিধে হয় না। হিংসে হচ্ছে?

পেন্সিল।। না। হিংসে হবে কেন?

পেন।। কারণ তোমার লেখা সহজেই মুছে ফেলা যায়। আমি ডাক্তারের যে প্রেশক্রিপশন লিখি সেটা মোছো তো দেখি, কেমন পারো।

পেন্সিল।। সহজে মুছে যাই বলেই তো সব শিল্পীরা আমায় নিয়ে টানাটানি করে। তোমাকে কি তারা পাত্তা দেয়?

পেন।। আজকের এই কম্পিউটারের যুগে সত্যিই কি আর টানাটানি করে তোমাকে নিয়ে? মন থেকে বলো দেখি।

পেন্সিল।। (মনমরা হয়ে) সেটা অবশ্য ঠিক বলেছ। মালকিন আজকাল আমাকে বাক্সে বন্দী করে রেখে কম্পিউটারে বসে আঁকে, রঙ করে।

পেন।। (দীর্ঘশ্বাস ফেলে) সে অর্থে বললে আমারও কদর অনেক কমে গেছে রে ভাই। বেশ কিছুদিন ধরে দেখছি, ডাক্তার মনিব আমাকে পকেটেই শুধু সাজিয়ে রাখে। আর কম্পিউটারে খুটখাট করে প্রেশক্রিপশন টাইপ করে।

পেন্সিল।। তার ওপর আবার মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো মার্কেটে ঢুকে পড়েছে - এআই।

পেন।। (বিষন্ন হেসে) যা বলেছ। কৃত্রিম বুদ্ধিমত্তা শুনছি কিছু ইনপুট দিলেই চোখের পলকে সবকিছু করে দিচ্ছে। কী পেন্সিল স্কেচ, কী প্রেসক্রিপশন।

পেন্সিল।। এসো তবে সময় থাকতে থাকতে নিজেদের গুমর অহংকার ভুলে আমরা একজোট হই - নইলে দুজনেরই টিকে থাকা চরম দায় হবে।

পেন।। বন্ধু, আমি আছি তোমার সঙ্গে, আমাদের এই অস্তিত্ব রক্ষার আন্দোলনে। (দুজন দুজনকে জড়িয়ে ধরে।)

যবনিকা...