‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।

অমলকান্তির দেশ ভেজা কুয়াশার জালে ঢাকা
অসহ দুঃখের ভার মাথায় চাপিয়ে নিয়ে
হেঁটে যাওয়া মুসাফির জানে
সেইসব রিক্ত হয়ে জেগে থাকা কুসুমের ডালে
বেদনাবিদগ্ধ এক গান তৈরি হয়
নিঃসঙ্গ মানুষের স্মৃতিতে সুরার মতো জাগে
এই গান একা, স্তব্ধ গোধূলির ডানহাতে
এঁকে রাখে আশার উলকি
এই আশা প্রতারক জলভ্রমে স্ফটিকের মতো
সফল মানুষ যাকে কৌতূহলী হয়ে দেখতে গিয়ে
অনিবার্য আছড়ে পড়ে, ব্যথা পায়, শব্দ করে কাঁদে
অমলকান্তির আলো অচিন আলেয়া হয়ে
রেললাইনের ধারে জ্বলে।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
