কবিতা

নথি



ম্যাগি স্মিথ (ভাষান্তরঃ গৌতম চক্রবর্তী)


দিনটা শীতের কিন্তু রৌদ্রোজ্জ্বল। আমি চোখ পিটপিট করি। সূর্যের আলো এসে পড়ে চোখে, আর আমি চোখের পাতা বুজে ফেলি

আলোয় কমলা, ছোপছোপ, আমার মন এটাকে ফাইল করে রাখে এক ফোল্ডারে যেখানে এরকম সব মুহূর্ত জমা আছে

এই সব আগে ঘটেছে অনেক: ফোল্ডারের ভেতর ফোল্ডার অনুসরণ করতে করতে, কল্পনা করেছি, কোন এক সকালে - আমার ছোট খাটে টলমলে পায়ে দাঁড়িয়ে,

মায়ের মুখ কখন ঝুঁকে আসবে নিচে, আমায় তুলে নেবে কোলে, সেই হাত এগিয়ে না আসা পর্যন্ত মিঠে নরম রোদ আমার সাথী।

ফাইলে আছে: সূর্য, সূর্য-২, সূর্য-৭৫, সূর্য-৭০০। প্রতিটাই একেকটা নথি যেখানে আমি ফিরে যেতে পারি যখন খুশি, বারবার খুলে দেখতে পারি, এমনকি করতে পারি সংশোধনও - পুরোনো অভিজ্ঞতাকে নতুন ভাবনায়।
চোখেরও যেন নিজস্ব স্মৃতি আছে -
মনের চোখ নয়, চোখের মন -

নিজের বলে ভেবে নেওয়া সব কিছুর তালিকা করে। যতদিন বাঁচব, ততদিন লেখা হবে এই তালিকা। সূর্য-৭০০০, সূর্য-অন্তিম, সূর্য-অন্তিম-সংশোধিত, সূর্য-অন্তিম-অন্তিম।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।


ম্যাগি স্মিথ (কবি, ***।)



(ভাষান্তরঃ গৌতম চক্রবর্তী)