‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
বেলা থেকে বেলা
টেবিল ভরে টুকরো টাকরা আড্ডায়
হাসিতে আলোরঙ -
ফ্রেঞ্চফ্রাইয়ের করিডরে কেচাপের ছায়ায়
মুখোমুখি দাঁড়ায় আমাদের ক্লান্ত জীবন!
বয়স তো জলের নাম - মিশে যায় সহজেই,
মধ্য যৌবনের সরস্বতী পুজো,
ঠিক যেমন স্কুল থেকে স্কুলে
ঘুরে বেড়ানো সাজুগুজু,
গল্প থেকে স্বল্প, চোখ ভরে দেওয়া নেওয়া,
চিজি গার্লিক ব্রেডে ছড়ানো হার্বসের মতো ঠিক
তরতাজা একটা ব্রেক,
চামচের টুংটাং, চারটে সাদা কাচের প্লেট
ভরে ওঠে ভাগাভাগি সসেজ প্ল্যাটারে।
আমরা কুড়িয়ে নিয়ে বরফের কুচি -
ঠান্ডা কফিতে অল্প দারচিনি আর মধু গুলে
ঢেলে দিই একে অপরের গ্লাসে -
এক চুমুকে গিলে ফেলা কষ্টেরা ম্যাজিকের
পাখি হয়ে যায়!
নতুন রোদের খোঁজে, বেঁধে বেঁধে - খড় থেকে ঘর - হাত থেকে হাত ধরে, একে একে,
শহর তো আমাদেরই কথা বলে
প্রতি অন্দরের অলিতে গলিতে!
