‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
অল্প জলে পাথর পেতে বসে থাকি, পাথরপ্রতিম চারপাশে চুনো মাছেরা লাফায়
গভীর নদীতে যাই না
এ জীবন নৌকাডুবি কম তো দ্যাখেনি
সাঁতার জানা লোকেরাও সবাই বাঁচেনি
আমি তো সাঁতারহীন
কপালচাপা পাথরটাকে ঝেড়ে ফেলেছি
উঠে দাঁড়ানোর সময়ে
বুকের পাথর বড় হতে হতে মস্ত ভারী হয়ে উঠেছে তাকে অল্প জলে পেতে বসে থাকি
তলায় ফুটো নিয়েও বেশিরভাগ নৌকো
ঘাটে ফিরছে
তাদের নিয়ে উল্লাস শুরু হবে এবার
অল্প জলে পা ডুবিয়ে সব দেখছি
চুনোমাছেরা বুক ভেবে আমার পা ঠুকরে যাচ্ছে ঘাইমাছেরা বুকসমান লাফাতে পারে
কিন্তু বিধ্বস্ত করার মতো আমার বুকে
কিছুই পাবে না ভেবে এদিকটায় আসছে না
ফলে নিশ্চিন্তে আমার সম্পদগুলো বাঁচাতে পারছি এগুলো নিয়েই মরে যাব, কেউ জানবে না
জল সরে যাবে, পাথর পড়ে থাকবে এখানেই পাথরের গায়ে ধুলো বা শিশির হয়ে থেকে যাব
হয়তো...
