
কবি সারাজীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন, নিজের দেশে এবং বিদেশে। কিন্তু আমাদের আগ্রহ তাঁর জীবনে প্রথম পুরস্কার কোনটি? রবীন্দ্রনাথ একটি ঘটনার কথা উল্লেখ করেছেন জীবনস্মৃতি গ্রন্থে:
"ইস্কুলে আমি কোনোদিন প্রাইজ পাই নাই, একবার কেবল সচ্চরিত্রের পুরস্কার বলিয়া একখানা ছন্দোমালা বই পাইয়াছিলাম। আমাদের তিনজনের মধ্যে সত্যই পড়াশুনায় সেরা ছিল। সে কোনো-একবার পরীক্ষায় ভালোরূপ পাস করিয়া একটা প্রাইজ পাইয়াছিল। সেদিন ইস্কুল হইতে ফিরিয়া গাড়ি হইতে নামিয়াই দৌড়িয়া গুণদাদাকে খবর দিতে চলিলাম। তিনি বাগানে বসিয়া ছিলেন। আমি দূর হইতেই চীৎকার করিয়া ঘোষণা করিলাম, "গুণদাদা, সত্য প্রাইজ পাইয়াছে।" তিনি হাসিয়া আমাকে কাছে টানিয়া লইয়া জি করিলেন, "তুমি প্রাইজ পাও নাই?" আমি কহিলাম, "না, আমি পাই নাই, সত্য পাইয়াছে।" ইহাতে গুণদাদা ভারি খুশি হইলেন।"
তবে রবীন্দ্রনাথ, এটি কোন বৎসরের ঘটনা তা তারিখ দিয়ে উল্লেখ করেননি। আমরা অনুমান করতে পারি, হয়তো এই পুরস্কার প্রাপ্তি ঘটেছিল ১৮৬৮ সাল এর পরে, তার কারণ উক্ত ছন্দোমালা গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ওই বৎসরই প্রথম। এই বইটি বাংলায় ছন্দের উপর প্রথম বই। কবি তখন নর্মাল স্কুলের ছাত্র।
রবীন্দ্রনাথ ছোটবেলায় অনেক বই পড়েছেন, তার মধ্যে কয়েকটি - রতিবিলাপ, অন্নদামঙ্গল, আরব্যোপন্যাস, বাসবদত্তা, বিজয়-বসন্ত ইত্যাদি। পুরস্কার পাওয়া 'ছন্দোমালা'ও তিনি পড়েছিলেন।
আমরা 'ছন্দোমালা'র আখ্যাপত্রের দিকে এবার নজর দেব।
'ছন্দোমালা'
প্রথম ভাগ
শ্রীমধুসূদন বাচস্পতি প্রণীত
কলিকাতা
বারাণসী ঘোষের স্ট্রীটের ৪৫/২ নং বাটীতে
হিতৈষী যন্ত্রে
শ্রীগোবিন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক মুদ্রিত
সন ১২৭৫
বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ১০৪।

'ছন্দোমালা' বইটি ছন্দ শেখার জন্য আদর্শ বই। বইয়ের প্রথম দিকে সংস্কৃত ছন্দের পরিচয় দেওয়া হয়েছে আর বাকি দিকে বাংলা ছন্দের কথা বলা হয়েছে। লেখক মধুসূদন বাচস্পতি শুরুতে লিখেছেন - কিয়ৎকাল গত হইল, ঘটনাক্রমে একত্রাবস্থিত কতিপয় বঙ্গ বিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষকগণ আমাকে একখানি ছন্দোগ্রন্থ লিখিতে বলেন। আমি প্রথমত স্বীয় বয়োবস্থা জানাইয়া অসম্মত হইয়াছিলাম, কিন্তু পরিশেষে তাঁহাদের প্ররোচনা-বাক্যে ও আমার দুরাশা বায়ুর প্রবর্ত্তনায় এই কষ্টসাধ্য বিষয়ে হস্তার্পণ করিলাম,... আপাতত: প্রথম ভাগ নাম দিয়া ৭৯টি ছন্দোময় এই ক্ষুদ্র পুস্তকখানি মুদ্রাঙ্কন করিলাম'। লেখক যেমন মধুসূদন বাচস্পতি, তেমন প্রকাশক ছিলেন গোবিন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বইটিতে তিনি নানা ছন্দের পরিচয় দিয়েছেন। তবে বইটিতে নানা কবির রচনা আছে, তখন মনে হয় এটি একটি সংকলন। কবি ছন্দের প্রাথমিক পাঠ ভাগ্নে জ্যোতিপ্রকাশের থেকে পেয়েছিলেন, আর এই বইটি পেয়ে কবিতাচর্চার আগ্রহ আরও বৃদ্ধি পেল।
রবীন্দ্রজীবনের নানা ঘটনা আমাদের বিস্মিত করে, এই পুরস্কারটিও কম আগ্রহের নয়।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।
