কবিতা

মন যে বাঁচতে চায়



অলোক মুখার্জী


এমন সময়ে আমরা সবাই
দাঁড়িয়ে আছি আজ...
প্রতিটি মানুষ বাঁচার তাগিদে
করছে নিজের কাজ।

প্রতিটি হৃদয় ভগ্ন বড়!
কোন মতে বেঁচে আছে।
যে আনন্দে বাঁচার কথা
সুযোগ নেই কারো কাছে!

আজকের ছবি যে রঙে আঁকা
কালকে বদলে যায়,
নতুন ছবিটি যতই দেখি
মনে হয় মৃতপ্রায়!

চারিদিকে নেই নতুন দিশা
বাঁচার কোন কথা,
বন্ধ হয়েছে একতার গান
তাই, এত নীরবতা!

প্রতিটি গাছ থমকে দাঁড়িয়ে
প্রমাদ গুণতে ব্যস্ত,
ওরা বসন্ত বাতাসে পায়না মজা
ঝড়ের ভয়ে ত্রস্ত!

জানিনা এভাবে আর কত দিন
বাঁচবে ভগ্ন মন?
বলো না বন্ধু একটু আনন্দ ছাড়া
ও বাঁচবে কতক্ষণ?