কবিতা

অগোছালো কবিতার সাথে প্রেম



রতন হাওলাদার


চিবুকের নাগাল না পেয়ে চোখ ছুঁয়েই বলি
আমি গো আমি, বড় ভা-লো-বা-সি!
আসমুদ্র হিমাচল, কুমেরু থেকে সুমেরু
জীবন থাকে গো হৃদয়ের পাশাপাশি।

মানলে না তুমি দখিনার মর্মরধ্বনি
তুমি পরকিয়া নও গো, শুধুই বিবর্তনী।

ফনিমনসার ফুল, কলমি লতার নামে
লিখেছি প্রেমপত্র, পাঠাই মরীচিকা খামে

নয়ানজুলিতে ভেসে যায় কচুরিপানা
বাবলা গাছের ঝিঁঝিঁ পোকা, বাজায় সাহানা।

চোখের চন্দ্রমায় নিশীথের চন্দ্রগ্রহণ
ভালোবাসা একটি 'কবিতা'! নাম রক্তক্ষরণ!

বারবার ফিরে দেখা জন্মভূমির মাটি
প্রেম ছিল বড় ছলনার, হল না সে পরিপাটি।

কার সাথে চোখাচুখি, হয়ে যাবে প্রণয়!
শুধু পালানোর প্রবণতা, দেয়নিকো সময়।

হৃদয়ের হয়নি লেনদেন, ওরা বলে আশনাই
শুধু কবিতা বলেছে প্রেম, মন জানে, যাচ্ছেতাই।

হয় না প্রেমের সন্ধি, অগোছালো কবিতার সাথে
অনেক ইচ্ছের অপমৃত্যু, অভূতপূর্ব অপঘাতে।