‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
আমার বর্ণমালা আমার অহংকার
তাকে জড়িয়ে ধরে আমার দীর্ঘ রাত কাটে
আমি স্বপ্নের মধ্যে বলে চলি-অ আ ই ঈ
আমার স্বপ্ন পূর্ণতা পায়
আমি অনুভব করি আমি তখনো বেঁচে আছি।
ছাতিম গাছের পাতায় যখন হলুদ রোদ্দুর নামে
আমার কানে ভেসে আসে দূর থেকে
সহজ পাঠের সহজ কথা
কিংবা বর্ণপরিচয়ের গোপালের কথা
আমি অভিভূত হয়ে পড়ি!
সন্ধ্যায় লেবুর পাতায় যখন জোনাকি জ্বলে
আমি আনমনে দেখি
আমার বর্ণমালা মকসো করছে কালো শ্লেটে
একবার দু'বার তিনবার
আমার ক্লান্ত মুখে ধীরে ধীরে ফুটে ওঠে হাসি;
যেন মা আমাকে বকশিস দিয়েছে!
আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিই
মনে মনে সহস্রবার উচ্চারণ করি -
আমার বর্ণমালা আমার অহংকার
আমার বর্ণমালা আমার অহংকার...
