‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ভাষা আমার একলা ঘরে
প্রভাত পাখির গান,
ঘুম ভাঙলেই বুঝতে পারি
ভাষার গভীর টান।
বাংলা আমার মুখের ভাষা
সাত সকালের আলো,
পাখির কূজন যায় শুনিয়ে
ভাষার প্রদীপ জ্বালো।
দূরের পাহাড় নবীন ঘাসে
সবুজ মাঠের কোলে,
সোনার রবির স্বপ্ন কিরণ
আকাশ গাঙে দোলে।
আমার জন্য আমার ভাষা
নতুন খবর আনে,
একুশ মানেই এক পৃথিবী
ভাষার টানে টানে।
নদীর বুকে পাল তোলা নাও
জারি সারি গান,
ওরই মাঝে লুকিয়ে আছে
বাংলা মায়ের প্রাণ।
পল্লীগীতি ভাটিয়ালি
মুর্শিদি আলকাপ,
বাউল গানের আসরে পাই
ভালোবাসার তাপ।
রবিঠাকুর দ্বিজেন্দ্রলাল
ভক্ত নজরুল,
ভাষার বাগে ফুটিয়ে গেছেন
নতুন নতুন ফুল।
বসন্তের এই সোনার ছোঁয়ায়
গাই একুশের গান,
এই ভাষাতেই জেগে উঠুক
বাংলা মায়ের প্রাণ।
আমার ভাষা গর্ব আমার
নতুন দিনের আলো,
সেই ভাষাতে গান শুনিয়ে
আশার প্রদীপ জ্বালো।
