কবিতা

মরমী ভাষা



প্রদীপ কুমার চক্রবর্তী


বাংলা এমন মরমী ভাষা হৃদয় মাঝে উদ্দীপন
শব্দ দ্যুতির অনুরণনে সবার মাঝে অঙ্গীকার
আখর মালায় হয় ইতিহাস নতুন ছন্দে পরলো হার
বিশ্বসভায় রবীন্দ্রনাথ তাতেই সুখের উন্মীলন।

একুশ ফেব্রুয়ারি জাগায় প্রেম দুই বাংলার অন্তরে
কবিতা ও গান আনন্দময় সবার প্রাণে মত্ত সুখ
গঙ্গা পদ্মায় ভাসলো তরী অচিন পথে ভরলো বুক
আরক্তিম হৃদয় পথে ভাষার আবেগ সন্তরে।

ভাষার জন্য ভাষাসৈনিক ভাষার কূলে জোর লড়াই
বিদেশী ভাষা পায়না মাটি টিপলো টুঁটি সালাম সব
রক্তে ভিজে জ্বললো প্রদীপ বাংলা ভাষার মহোৎসব
তুললো তুফান দৃপ্ত স্লোগান রাখলো বাজি জীবনটাই।

বাংলা নিয়ে গর্ব অনেক বাংলা আমার অহংকার
সকাল সন্ধ্যা গহন রাত্রি বাংলা বাজুক সব মনে
বাংলা ভাষার আলোক রথে সবাই চলুক প্রাণপণে
এমন ছন্দে উল্লাসধ্বনি তা সোহাগভরা অলংকার।