কবিতা

কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক



হীরক বন্দ্যোপাধ্যায়


আমি বলছি না বছরে একটা ৮ই মার্চই যথেষ্ট
আমি চাই প্রতিটি দিন হোক ৮ই মার্চ...
শুধু ঘরের ভেতর থেকে বেরিয়ে উৎসবের আমন্ত্রণে যাওয়ার জন্য নয়,
বাইরে থেকে দরজা খুলতে খুলতে একজন আশাপূর্ণা, মহাশ্বেতা
অথবা সুধা ভটচায্‌ কিংবা কমলা ভাগবত...

আমি একবারও বলছি না, ভালবাসতেই হবে
আলাদা করে কিছু না, নারী পুরুষ হৈ হৈ করে কিছু ফুল কিছু তারা হলেই চলবে,
নারী পুরুষ নিজ নিজ অফিসফেরতা কোনো কফি শপে বসবে
হাতপাখার যুগ শেষ, কেউ কারো মতো নয়
আর হবেই বা কেন...

আমি চাই নারীর মুক্তি শুধু নয়, পুরুষেরও মুক্তি
তোমার জল লাগবে কীনা তোমার নুন লাগবে কীনা
কফিতে কতটুকু চিনি উভয়ে উভয়কে জিগ্যেস করুক, তাই না?
প্রকৃতি তো তাই সৃষ্টি করেছে লোহার পাশে চুম্বক

একথা আমরা যেন ভুলে না যাই
কবি বলেছেন অর্ধেক তার সৃজিয়াছে নারী অর্ধেক তার নর...