কবিতা

ফাগুন এলো



অলোক কুমার প্রামাণিক


ফাগুন এলো, বলছে বাতাস
প্রথম এসে ভোরে,
উড়ে এলো শুকনো পাতা
মাটির ঘরে দোরে।

ফাগুন এলো, বলছে আকাশ
সরিয়ে ধোঁয়ার চাদর
গাছ গাছালির মাথার উপর
নরম হাওয়ার আদর।

ফাগুন এলো, বলছে অলি
গুন গুনিয়ে গেয়ে
হরেক রকম ফুল ফুটেছে
খবর খানা পেয়ে।

ফাগুন এলো, কনক চূড়া
ওড়ায় খুশির পাল
কৃষ্ণ চূড়া পলাশ শিমুল
টুক টুকে ওই লাল।

ফাগুন এলো, ডাকা ডাকি
শালিক ফিঙের দল
তির তিরিয়ে দিচ্ছে সাঁতার
কমল দিঘির জল।

ফাগুন এলো, গাইছে পাখি
তাইতো এসে কাছে
সারা বেলা-ই কুহু কুহু
সবুজ মোড়া গাছে।