কবিতা

নতুন বসন্ত



রুপালী ঘোষ


ভালবাসা দিতে গিয়ে দেখি নিহত হয়েছে প্রেম
শুভঙ্কর তুমি বলো আজ আমি কোন পথে যাব
ঝোড়ো বাতাস বয়ে আনছে না বলা কত কথা
বাতাস যে আজ নতুন করে প্রেমের গল্প বলে

তুমি এসেছিলে সেদিন ছায়াহীন রৌদ্র দগ্ধ চৈত্রের বিকেলে
পলাশ ছড়ানো লাল মাটির নিঃশব্দ অভিসারে
কোকিলের একটানা ডাক উদাস দুপুর
আজো কাছে ডাকে গভীর গহন স্তব্ধতায়

সব মেঘে যে বৃষ্টি হয়না শুভঙ্কর
সব প্রেমেও মেঘদূত চিঠি পাঠায় না
আমার যে আজ সময় ফুরিয়ে এলো
আমার চোখেও গুমরে উঠছে মেঘ

আজ যে ঝোড়ো বাতাস উল্টে দিল সাদা পাতা
ইচ্ছে করে ছুটে যেতে সেই অরণ্যের বুকে, খোয়াই আজও ডাকে আমায়
শ্যামল ছায়ায় চাঁদের আলোয়
তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁয়ে...

আমার শহর হারিয়ে ফেলেছি কবে
আজ নিয়ম করে দুঃখ আসে চোরাবালির স্রোতে
ব্যর্থতার কাছে ছুটে যাওয়া কি এতোই সহজ শুভঙ্কর
সে যে বন্দি পরজন্মের কাছে –

আজ শহর জুড়ে বেপরোয়া বাতাস
দিন বদলের ডাক আমি বাড়িয়ে দিলাম হাত
তুমি ধুয়ে দাও
যত ক্ষোভ ঈর্ষা যত পাপ অনাচার
তোমার ঠোঁট আমার ঠোঁট ছোঁয়
তোমার ঠোঁটের মাঝে নিলাম আশ্রয়।