কে আমাকে ডেকেছিল,
মনে নেই
তবে এইটুকু মনে আছে তার কথাতেই আমি
এখানে এসেছি
চুপি চুপি
যখন এসেছি
পুবদিক চোখ মেলেছে
তখন ফুলগুলো গন্ধ নিয়ে মাতামাতি করছে
নদীর বুকে খেলা করছে আলো
আর এক ঝাঁক পাখি
আকাশকে শোনাচ্ছে আগমনী গান
তেমনি একটা সময়ে আমি এলাম
এক আঁজলা গন্ধের মত
এক বুক হাসির মতো
চঞ্চল নদীর কলধ্বনির মতো
তারপর অনেকগুলো দিন চলে গেল
অনেকগুলো দুপুরের পাশ দিয়ে
অনেকগুলো বিকেল হামাগুড়ি খেতে খেতে
পশ্চিম দিগন্তের দিকে মিলিয়ে যেতে থাকলো
অনেকগুলো সন্ধ্যা শুকতারা হয়ে
ডুবে গেল পশ্চিমের সাগরে,
ভাবলাম
যে ডেকেছিল
তার সাথে দেখা হল না
এখনো যদি আসে
ক্রম ঘনায়মান অন্ধকারে, তাকে হয়তো চিনতেও পারবো না আর
ভাবলাম,
তা যদি হয়, অন্ধকার আকাশের গায়ে
কাঁপা কাঁপা হাতে লিখে যাব -
"আমি এসেছিলাম। এখন চলে যাচ্ছি।
তোমার সাথে দেখা হবে ভেবেছিলাম।
হয়নি।
তুমি ভালো থেকো।"
