কবিতা

অস্তিত্বের অন্ধকার



শ্রাবনী ভট্টাচার্য


ছড়িয়ে পরা আলসেমিটা কে মাঝে মাঝে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, ওর উষ্ণতার ওমে মনটাকে সেঁকে নিতে চেষ্টা করি। দৈনন্দিন জীবনের পাহাড় প্রমাণ কাজ গুলো যখন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে তখন এই একঘেয়েমির বোকাবাক্সটা থেকে পরিত্রান পেতে মাঝে মাঝে এই কেঁজো আলসেমির বুকে হারিয়ে যেতে মন চায়। মনে হয় কেমন যেন একপেশে গড়ানো একটা সময়কে আলতো করে ছুঁয়ে আছি। দায়িত্বের সাঁড়াশি আক্রমণ থেকে নিজেকে সরিয়ে নিয়ে কতগুলো পলকে শুধু ধরে আছি, কিছুটা অগোছালো, কিছুটা এলোমেলো। যেন কোনো তাড়া নেই, সময়ের কাঁটাটা আটকে গেছে অজানার নির্দেশে। শুধু বেবাক পৃথিবীর এককোণে ধূলো জমা, পলিয়েস্তার খসা একটা ঘরের ভাঙা চৌকিতে গোটা বিশ্ব ব্রহ্মান্ড আটকে গেছে। শুধু আমি ভেসে আছি হাইফেন হয়ে। হয়তো কখন টুপ করে ডুব দেবো একরাশ জমাট বাধা অন্ধকারে। আর তার আগে শুধু একবার ভেসে যেতে চাই, ছুঁয়ে থাকা সময়ের স্রোতে গভীর নীলের বিড়ম্বনায়।