
সংবাদদাতা - জাদুকর শ্যামল কুমারঃ জাদুসম্রাট পি. সি. সরকার (সিনিয়র)-এর ১১৩তম জন্মদিন উদযাপন।
২৩ ফেব্রুয়ারি জাদু জগতের এক বিশেষ দিন। এই দিনটি কিংবদন্তি জাদুকর পি. সি. সরকার (সিনিয়র)-এর জন্মদিন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি সারা ভারতবর্ষসহ বিশ্বের নানা প্রান্তে "জাদুকর দিবস' হিসেবে পালিত হয়। এ বছর কলকাতার বালিগঞ্জে অবস্থিত 'ইন্দ্রজাল ভবন'-এ জাদুসম্রাটের ১১৩তম জন্মদিন যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদ্যাপিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাদুসম্রাটের পুত্র ও তাঁর যোগ্য উত্তরসূরি বিশিষ্ট জাদুকর পি. সি. সরকার (জুনিয়র)। তাঁর সান্নিধ্যে জাদুপ্রেমী ও জাদুশিল্পীরা এই বিশেষ দিনটি স্মরণ করেন গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। ভারতীয় জাদুশিল্পকে বিশ্বমঞ্চে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করেছিলেন পদ্মশ্রী পি. সি. সরকার (সিনিয়র)। তাঁর অসামান্য প্রতিভা ও অভিনব উপস্থাপনার মাধ্যমে জাদু এক নতুন মর্যাদা লাভ করে এবং এক অনন্য শিল্পরূপে বিশ্বজুড়ে সমাদৃত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের সঙ্গে বিধাননগরের জাদুকর শ্যামল কুমার জাদুসম্রাটের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন পি. সি. সরকার (জুনিয়র)-এর দুই কন্যা মানেকা সরকার ও মৌবনী সরকার। এছাড়াও ছিলেন জাদুকর বি. কুমার, দেবাশিস সাহা রায়, পঙ্কজ সরকার, সঞ্জীব সরকার সহ আরও অনেক জাদুশিল্পী ও জাদুপ্রেমীরা।
অনুষ্ঠানের শেষে জাদুকর পি. সি. সরকার (জুনিয়র) তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর পিতা জাদু সম্রাটের জীবন, কর্ম ও জাদুশিল্পে তাঁর অবদান সম্পর্কে স্মৃতিচারণ করেন। এইভাবেই গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়।




'আমার বাবা পি সি সরকার';
পি সি সরকার (জুনিয়র);
প্রকাশক: ব্ল্যাকলেটার্স;
প্রচ্ছদ: সাদিক হোসেন;
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা (INR 400.00)